কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় কিশোরগঞ্জ- ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনও চলছে।
নিহত মাসুদ মিয়া কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে এবং জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন কুলিয়ারচর স্টেশনে আটকা পড়েছে। এছাড়া, কিশোরগঞ্জ-ভৈরব হাইওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানা স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরেই বিরোধ চলে আসছে এই দুই গ্রামের মধ্যে। কয়েক বছর আগে সালিশি বৈঠকের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর বাজার’ রাখা হয়। তবে, সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান। অন্যদিকে, মিরারচর গ্রামের বাসিন্দারা ‘মিরারচর-আকবরনগর’ নামে বাজারের নামকরণের দাবি করেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
সময়ের আলো/মহু