আমিরাতে ভিসা বাতিল, সমাধানের দাবি প্রবাসীদের

ইউএই সংবাদদাতা

প্রবাস

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বৈধ রেসিডেন্স ভিসা হঠাৎ বাতিল হওয়ার ঘটনাকে পুঁজি করে বাংলাদেশ-আমিরাত রুটে একটি অসাধু ট্রাভেল ব্যবসায়ী চক্র

2026-07-27T23:28:56+00:00
2026-07-27T23:54:27+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রবাস
আমিরাতে ভিসা বাতিল, সমাধানের দাবি প্রবাসীদের
ইউএই সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:২৮ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১১:৫৪ পিএম
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বৈধ রেসিডেন্স ভিসা হঠাৎ বাতিল হওয়ার ঘটনাকে পুঁজি করে বাংলাদেশ-আমিরাত রুটে একটি অসাধু ট্রাভেল ব্যবসায়ী চক্র লাগামহীন টিকিট সিন্ডিকেট গড়ে তুলেছে। ফলে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা একদিকে ভিসা বাতিলের আতঙ্কে, অন্যদিকে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন। এই দ্বিমুখী সংকটে টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না আসায় প্রবাসীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী প্রবাসীদের অভিযোগ, ভিসা বাতিলের জটিলতার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ অসাধু চক্র। যে রুটে আগে ওয়ানওয়ে টিকিট ১৫ থেকে ২০ হাজার টাকা এবং টু-ওয়ে টিকিট ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, সেই একই টিকিটের জন্য এখন ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।

সাধারণ প্রবাসীরা টিকিটের জন্য দ্বারে দ্বারে ঘুরে চরম হয়রানির শিকার হচ্ছেন। এই লাগামহীন দৌরাত্ম্য এবং যাত্রী হয়রানি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত পরিতাপের বিষয়।

এমতাবস্থায় সংযুক্ত আরব আমিরাতের সর্বস্তরের প্রবাসী ও ভুক্তভোগীদের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে, অতি দ্রুত টিকিট সিন্ডিকেট ও অসাধু ট্রাভেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অনতিবিলম্বে টিকিটের মূল্য সরকার নির্ধারিত সিডিউলের মধ্যে সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে হবে।


অন্যদিকে, গত ১৫-২০ দিন ধরে ছুটিতে দেশে আসা বহু প্রবাসীর বৈধ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের ভিসার মেয়াদ এক বছরের বেশি থাকা সত্ত্বেও বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় জানানো হচ্ছে তাদের ভিসা বাতিল হয়ে গেছে।

ভুক্তভোগী আবুধাবি প্রবাসী মো. জাহিদ হোসেন জানান, তিনি মাত্র ৬ মাস আগে ভিসা লাগিয়েছেন, যার মেয়াদ এখনো এক বছর ছয় মাস বাকি আছে। দেশে থাকা অবস্থায় হঠাৎ তার ভিসা বাতিল হয়ে যায়। একইভাবে ব্যবসায়ী ওসমান চৌধুরী ৭ মাস আগে নতুন ভিসা নিয়ে দেশে গিয়ে দুবাই বিমানবন্দর থেকে ফেরত আসতে বাধ্য হন।

এই রহস্যজনক অটো ভিসা ক্যানসেলের ঘটনায় ১০-১৫ দিন অতিবাহিত হওয়ার পরও সুরাহা না হওয়ায় প্রবাসীরা সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ শুরু করেন। গণমাধ্যমে খবর ব্যাপকভাবে প্রচারের পর বিষয়টি সরকারের নজরে আসে। এর প্রেক্ষিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে উদ্যোগ জানিয়ে মন্তব্য করা হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় যে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

এই ধারাবাহিকতায় আজ সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রবাসীরা আশা প্রকাশ করছেন, এই উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই জটিলতার একটি স্থায়ী সুরাহা হবে এবং আটকে পড়া প্রবাসীরা দ্রুত কর্মস্থলে ফিরতে পারবেন।

প্রবাসীরা আশা প্রকাশ করেন, ভিসা ক্যানসেল সংকটের কূটনৈতিক সমাধানের পাশাপাশি টিকিট সিন্ডিকেট ভাঙতে সরকার কার্যকর ভূমিকা রাখবে। অন্যথায় রেমিট্যান্স যোদ্ধাদের এই দুর্দশা আরও প্রকট হবে এবং যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক রেমিট্যান্স প্রবাহের ওপর।

সময়ের আলো/জোই



  বিষয়:   আমিরাত  ভিসা  টিকিট  মূল্য নিয়ন্ত্রণ  দাবি  প্রবাসী  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: