৪৮ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ইতিবাচক সাড়া পেয়েছে ফিফা। সেই সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা ভাবছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনোর সেই দেখানো পথে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চাচ্ছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে আরো বেশি দেশে ছড়িয়ে দিতে এবং সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে টেলিগ্রাফ।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২০২৮ ও ২০৩০ সালে পরের দুটি আসরে ২০টি দল খেলবে। তবে ২০৩২ আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর খেলাটির আন্তর্জাতিক বিস্তার আরো জোরদার করতে চায় আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণের বিষয়ে আইসিসির সদস্য বোর্ডগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। সহযোগী দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং ক্রিকেটের বাজার বিস্তৃত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা প্রথমবারের মতো ২০-এ উন্নীত করা হয়েছিল। সেই সম্প্রসারণ সফল হওয়ায় ভবিষ্যতে আরও ৪টি দল যোগ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ