সীতাকুণ্ডে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন, মহাসড়কে দীর্ঘ যানজট

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ওভারব্রিজ (ফকিরহাট) এলাকায় চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার

2026-07-28T22:20:19+00:00
2026-07-28T22:20:19+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন, মহাসড়কে দীর্ঘ যানজট
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২০ পিএম 
স্ক্র্যাপবোঝাই লরিতে আকস্মিক অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ওভারব্রিজ (ফকিরহাট) এলাকায় চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে লরিটির ইঞ্জিনের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায় এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের স্টিল মিলস (একেএস)-এর একটি স্ক্র্যাপবোঝাই লরি চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুশাহ নগর ওভারব্রিজ এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লরির ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে চালক তাৎক্ষণিকভাবে লরিটি সড়কের পাশে থামিয়ে নিরাপদে নিচে নেমে যান।

ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।


এর প্রভাবে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুড়ে যাওয়া লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।

আবুল খায়ের স্টিল মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক হিসাব অনুযায়ী আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লরির ইঞ্জিনে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু সময় যানজট থাকলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর। এ মহাসড়কে এ ধরনের দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হলে শিল্পকারখানার কাঁচামাল ও পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটে। একই সঙ্গে যাত্রীদের সময় ও জ্বালানির অপচয়সহ সামগ্রিক জনভোগান্তি বেড়ে যায়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  চলন্ত  স্ক্র্যাপবোঝাই লরি  আগুন  মহাসড়ক  দীর্ঘ যানজট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: