চাঁদপুরে ইলিশ মাছের এক কেজি ডিম বিক্রি হচ্ছে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকায়। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ভরা মৌসুমেও নেই পর্যাপ্ত ইলিশের সরবরাহ। এতে মাছের দাম বাড়ার পাশাপাশি ডিমের দামও আকাশ ছুঁয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে , ইলিশের ডিম সংরক্ষণ ও মাছগুলো লবণ দিয়ে বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াজাত করে প্রায় ১ বছর সংরক্ষণের পর দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, ঘাটে ১০ থেকে ১৫টি লোনা মাছ ও ডিমের আড়ত থাকলেও, বর্তমানে মাত্র ২ টি চালু আছে। আড়তগুলোর কর্মচারীরা নরম ইলিশ কেটে লবণ দিয়ে নোনা ইলিশ তৈরি করছেন। মাছের ডিমগুলো আলাদা করে প্লাস্টিকের বক্সে করে সংরক্ষণ করছেন।
মাছের ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘ইলিশ মাছের অনেক দাম। তাই কিনতে পারি না। বাসার সবাই ইলিশের ডিম অনেক পছন্দ করে। তাই চেয়েছিলাম ডিম কিনতে, কিন্তু ডিমেরও অনেক দাম। এত টাকা দিয়ে ডিম খাওয়ার সামর্থ্য আমাদের নেই।’
ইলিশের আড়তদার সম্রাট বলেন, ‘নোনা ইলিশের মণ ৭০ হাজার টাকা। দাম বেশি হওয়ায় ইলিশের ডিমের কেজি ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা বিক্রি হচ্ছে।’
মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, ‘ইলিশের সংকটের কারণে এখন আর আগের মতো ডিম নেই। তাই দাম বেশি।’
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার বলেন, ‘বর্তমানে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় এক কেজি ডিম পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে। মাছের আমদানি কমে যাওয়ায় ডিমের দাম বেড়ে গেছে।’
সময়ের আলো/মহু