তথ্য বাতায়নের সাংবাদিক তালিকায় নিষিদ্ধ যুবলীগ কর্মী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় প্রতিদিনই দেখা মেলে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে। স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের

2026-07-29T20:29:48+00:00
2026-07-29T20:29:48+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
তথ্য বাতায়নের সাংবাদিক তালিকায় নিষিদ্ধ যুবলীগ কর্মী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম 
যুবলীগের সক্রিয় কর্মী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় প্রতিদিনই দেখা মেলে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে। স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এ ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কার্যালয়ে অবাধে যাতায়াত করছেন এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে জাতীয় তথ্য বাতায়নের সাতকানিয়া উপজেলা ওয়েবসাইটে প্রকাশিত সাংবাদিকদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জাতীয় তথ্য বাতায়নের সাতকানিয়া উপজেলা ওয়েবসাইটে প্রকাশিত সাংবাদিকদের তালিকায় ৩২ নম্বরে নজরুল ইসলামের নাম রয়েছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, উপজেলা আইসিটি দফতরের কর্মকর্তা আনোয়ার হোসাইনের মাধ্যমে ওই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, জাতীয় তথ্য বাতায়নের উপজেলা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য হালনাগাদ ও সংযোজনের দায়িত্ব উপজেলা আইসিটি দফতরের। সাংবাদিকদের তালিকা সংযোজন, সংশোধন কিংবা অপসারণের কারিগরি ব্যবস্থাপনাও ওই দফতরের মাধ্যমেই সম্পন্ন হয়। সে কারণে সাংবাদিকদের তালিকায় ৩২ নম্বরে নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিয়ে উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় ও গণমাধ্যমে কর্মরত থাকার বিষয়টি যথাযথভাবে যাচাই করা উচিত ছিল।

স্থানীয় সূত্র বলছে, নজরুল ইসলাম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের যুবলীগের একজন সদস্য হিসেবে অতীতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবিও স্থানীয়দের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সাংবাদিক পরিচয়ে উপজেলা পরিষদ, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত যাতায়াত শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভূমি সংক্রান্ত নথি, উন্নয়ন প্রকল্পের তথ্য এবং বিভিন্ন সরকারি ফাইল সংগ্রহের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন একাধিক স্থানীয় ব্যক্তি।


অনুসন্ধানে আরও জানা যায়, নজরুল ইসলাম সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি কার্যালয়ে প্রবেশ করেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয়ের আড়ালে তিনি কৃষিজমির মাটি কাটার একটি সিন্ডিকেটের সঙ্গে দালাল হিসেবেও কাজ করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত সাংবাদিকদের পাশাপাশি ভুয়া বা বিতর্কিত পরিচয়ে কেউ সরকারি দপ্তরে অবাধে প্রবেশ করলে সরকারি নথির নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। তাই জাতীয় তথ্য বাতায়নের সাংবাদিক তালিকায় কারা, কী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং অভিযোগের সত্যতা রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সাতকানিয়ার সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। স্বীকৃত গণমাধ্যমের পরিচয়পত্র ও পেশাগত নীতিমালা অনুসরণ করেই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হয়। কেউ যদি সাংবাদিক পরিচয় অপব্যবহার করেন, তাহলে তা শুধু সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, কে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তা যাচাই করার সুযোগ আমার নেই। তবে নজরুল ইসলাম প্রকৃতপক্ষে সাংবাদিক কি না এবং কোন ভিত্তিতে তার নাম জাতীয় তথ্য বাতায়নের সাংবাদিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এ প্রশ্নের নির্দিষ্ট জবাব তিনি দেননি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা


  বিষয়:   তথ্য বাতায়ন  সাংবাদিক  তালিকা  যুবলীগ  সাতকানিয়া  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: