নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, বাংলাদেশ কততম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বসবাসের উপযোগী দেশ কোনটি—এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা

2026-07-29T23:47:38+00:00
2026-07-29T23:47:56+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, বাংলাদেশ কততম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১১:৪৭ পিএম
প্রতীকী ছবি
বিশ্বে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বসবাসের উপযোগী দেশ কোনটি—এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (GIWPS)। তাদের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, নারীদের জন্য সেরা পাঁচটি দেশের সবকটিই উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলভুক্ত।

জাতিসংঘের উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (WPS) সূচক অনুসরণ করে ২০২৫-২৬ সালের প্রতিবেদনে বিশ্বের ১৮১টি দেশের মূল্যায়ন করা হয়েছে। অন্তর্ভুক্তি, নিরাপত্তা, ন্যায়বিচার, স্বাস্থ্য, অর্থনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্বসহ মোট ১৩টি সূচকের ভিত্তিতে এই র‌্যাংকিং তৈরি করা হয়েছে।

শূন্য দশমিক ৯৩৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। এরপর যথাক্রমে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড। এছাড়া শীর্ষ দশে রয়েছে লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং নিউজিল্যান্ড।

অন্যদিকে তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর ডেনমার্কের তুলনায় তিন ভাগের এক ভাগেরও কম।

বাংলাদেশের অবস্থান কততম
১৮১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫তম। দেশটির স্কোর ০.৫২৬। প্রতিবেদনে বাংলাদেশকে সর্বনিম্ন পারফরম্যান্স করা দেশগুলোর গ্রুপে রাখা হয়েছে। নিচের দিকে থাকা দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার হলেও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে এই তালিকায়।

বাংলাদেশের পর রয়েছে ফিলিস্তিন (১৬৭), পাকিস্তান (১৬৯), মিয়ানমার (১৭২), সিরিয়া (১৭৮) এবং ইয়েমেন (১৮০)।

এশিয়ায় কারা এগিয়ে
এশিয়ার দেশগুলোর মধ্যে নারীদের জন্য তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে সিঙ্গাপুর (১৭তম), সংযুক্ত আরব আমিরাত (২০তম), জাপান (২২তম), তাইওয়ান (২৭তম) এবং দক্ষিণ কোরিয়া (৩৭তম)।

বাংলাদেশিদের পড়াশোনা, চাকরি বা ভ্রমণের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে যুক্তরাজ্য রয়েছে ২৩তম স্থানে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (৩১), ইতালি (৩৯), থাইল্যান্ড (৫৭), ওমান (৫৮), সৌদি আরব (৬৩), মালয়েশিয়া (৬৭), শ্রীলঙ্কা (৭৭), মালদ্বীপ (৭৮), চীন (৮৯), নেপাল (১২০) এবং ভারত (১৩১)।

কেন এগিয়ে নর্ডিক দেশগুলো
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্ভুক্তি, নিরাপত্তা ও ন্যায়বিচারের সূচকে নর্ডিক দেশগুলো ধারাবাহিকভাবে ভালো ফল করছে। এসব দেশে নারীরা উচ্চমানের শিক্ষা, কর্মসংস্থান, আইনি সুরক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ পান। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতার হারও তুলনামূলকভাবে কম।

এ ছাড়া শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান ও বিস্তৃত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও কোনো দেশই সর্বোচ্চ ১.০০ স্কোর অর্জন করতে পারেনি, তবুও নারীবান্ধব পরিবেশ তৈরিতে নর্ডিক অঞ্চল বিশ্বে উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নর্ডিক অঞ্চলের বাইরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি নারীর অধিকার, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ধারাবাহিক অগ্রগতির কারণে কোস্টারিকা ও উরুগুয়ে প্রথমবারের মতো শীর্ষ ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।


সংঘাতই বড় বাধা
র‌্যাংকিংয়ের নিচের দিকের দেশগুলোর বেশিরভাগই দীর্ঘদিন ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা মানবিক সংকটে ভুগছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে নারীদের জীবনে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বনিম্ন স্কোর পাওয়া ১২টি দেশের ৭০ শতাংশের বেশি নারী সশস্ত্র সংঘাতের ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন। ফলে তারা বাস্তুচ্যুত হওয়া, সহিংসতার শিকার হওয়া এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকেন। সংঘাতপ্রবণ দেশগুলোতে মাতৃস্বাস্থ্য ও ন্যায়বিচারের অবস্থাও তুলনামূলকভাবে দুর্বল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, নারীর প্রতি সহিংসতা এখনও বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের অন্যতম।

রাষ্ট্রের সক্ষমতার প্রতিচ্ছবি
ডব্লিউপিএস সূচক কেবল নারীদের জীবনমানের মূল্যায়ন নয়, বরং একটি দেশের সামাজিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং উন্নয়নের সামগ্রিক চিত্রও তুলে ধরে।

নিরাপত্তা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, আইনি অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের মতো সূচকের সমন্বয়ে তৈরি এই র‌্যাংকিং দেখায়, যেসব দেশে অর্থনৈতিক সুযোগ, কার্যকর আইনি সুরক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং কম সহিংসতা রয়েছে, সেসব দেশেই নারীদের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে উন্নত। বিপরীতে দীর্ঘস্থায়ী সংঘাত ও অস্থিরতায় থাকা দেশগুলো প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নারী  নিরাপদ  দেশ  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: