বছর দুই আগে ‘বহুরূপী’ সিনেমায় পকেটমার ঝিমলি চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন কৌশানী মুখোপাধ্যায়। গ্ল্যামারাস ইমেজ ভেঙে একেবারে অন্যরূপে ধরা দিয়েছিলেন তিনি। সেই ঝিমলিই এবার ফিরছে ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’তে। সিনেমায় ছয়টি অবতারে দেখা মিলবে কৌশানীর।
সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশন হাউস সিনেমাটির থেকে কৌশানীর প্রথম লুক প্রকাশ করেছে। ছাদের তারে শুকোতে দেওয়া কাপড়ের ফাঁক দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকা ঝিমলিকে দেখা গিয়েছে একেবারে চেনা, সাধারণ সাজে। সুতির শাড়ি, ছাপা ব্লাউজ, গলায় হার, হাতে ও কানে সামান্য গয়না। প্রথম ছবির সেই পরিচিত আবহ যেন আবারও ফিরে এসেছে নতুন ছবির প্রথম ঝলকে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’তে শুধু ঝিমলি হিসেবেই নয়, আরও পাঁচটি সম্পূর্ণ ভিন্ন লুক ও পরিচয়ে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। গল্পের প্রয়োজনে প্রতিটি চরিত্রের আলাদা পরিচয়, আলাদা চেহারা এবং আলাদা উপস্থিতি থাকবে।
নানা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় কৌশানীর চরিত্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ সব ঘটনায় অংশ নিতে। অন্যদিকে ‘বহুরূপী’ সিনেমাটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। আগের সিনেমার শেষে দেখা গিয়েছিল ঝিমলি এবং বিক্রম প্রামাণিকের একটি সন্তান হয়েছে এবং সেই সন্তানকে (চূণী) নাম ধরে ডাকছে সে। নতুন সিনেমার গল্প ঠিক সেই মুহূর্ত থেকেই এগোবে। এবার ঝিমলির মাতৃত্ব এবং সন্তানের সঙ্গে তার সম্পর্ক গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। ফলে কৌশানীর এই বহুরূপী সফরই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে শুটিং চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশানীর একটি মাছবিক্রেতার লুকও ছড়িয়ে পড়েছিল। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও সেই লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবু সেটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। কৌশানীর চরিত্রের প্রথম লুক প্রকাশ করে উইন্ডোজ প্রোডাকশন হাউস জানিয়েছে পকেটমার ঝিমলিকে নিয়ে এক রোমহর্ষক ডাকাতির গল্প বলবে ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’।
‘বহুরূপী’ ছবিতেই প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন কৌশানী। সেই জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছিল। নতুন সিনেমাতেও সেই রসায়ন বজায় থাকছে। অন্যদিকে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র রেশমীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।
‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’-এর চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায় এবং সংলাপ লিখেছেন শিবপ্রসাদ। পরিচালনায় রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০২৬ সালের দুর্গাপূজাতেই মুক্তি পাবে সিনেমাটি।