রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্যবাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারি দেন।
শোকাহত পরিচ্ছন্নকর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করে শহরকে পরিষ্কার রাখেন। তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সব ধরনের অদক্ষ চালক ও অননুমোদিত গাড়ির বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে।
একই সাথে তিনি নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের পূর্ণ বেতন প্রদানের ঘোষণা দেন। পরিচ্ছন্ন কর্মীদের সব ধরনের সহায়তায় সিটি করপোরেশন পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
সিটি করপোরেশনের নিজেদের যানবাহনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক স্পষ্টভাবে জানান, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেলপার দিয়ে চালানোর প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মরদেহ পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিচ্ছন্নকর্মীর মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে নিহতের বাসায় ছুটে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সময়ের আলো/জেডি