যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই সংঘাতে জয় নিশ্চিত করা এবং কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
এ সময় তিনি বলেন, আমরা শুধু জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি। কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, বিষয়টি খুবই সহজ। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইরানের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না।
ইরান এখনো শক্ত অবস্থানে রয়েছে এমন ধারণা প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। তার ভাষায়, ইরান খুবই খারাপ অবস্থায় আছে। তারা অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন।
বর্তমান সংঘাতের সঙ্গে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের তুলনা করে ট্রাম্প দাবি করেন, মাত্র পাঁচ মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে।
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, তাদের ওপর তার আস্থা কমে যাচ্ছে, কারণ তারা মিথ্যা বলে। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের দাবি, তারা জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করেছিল। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে।
সময়ের আলো/আরবিএন