দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণ এবং ডিভাইস সচল থাকার তথ্য দেখাতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আলোকে ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।
জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় ও সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
সময়ের আলো/আরবিএন