নাটকে ফিরছে পারিবারিক গল্প

মাসুদুর রহমান

আনন্দ সময়

আবারও নাটকে ফিরছে পারিবারিক আবহ। অনেকটা বছর নায়ক-নায়িকা নির্ভর গল্প প্রাধান্য পেলেও ইদানীং পরিবর্তন ঘটছে নাটকে। রোমান্টিক কিংবা কমেডির বৃত্ত

2026-08-02T03:19:55+00:00
2026-08-02T03:19:55+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নাটকে ফিরছে পারিবারিক গল্প
মাসুদুর রহমান
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:১৯ এএম 
ছবি : সংগৃহীত
আবারও নাটকে ফিরছে পারিবারিক আবহ। অনেকটা বছর নায়ক-নায়িকা নির্ভর গল্প প্রাধান্য পেলেও ইদানীং পরিবর্তন ঘটছে নাটকে। রোমান্টিক কিংবা কমেডির বৃত্ত থেকে বেরিয়ে আসছেন নির্মাতারা। সোনালি যুগের নাটকের মতো গল্পে তুলে ধরছেন পারিবারিক চিত্র। চরিত্রে থাকছে নানা গুণাবলি, জীবনসংগ্রামের প্রতিচ্ছবি। নায়ক-নায়িকার রোমান্টিকতা থাকলেও উপস্থাপিত হচ্ছে স্বল্পপরিসরে কিংবা কম নাটকে। এসব নাটকে দর্শকদেরও চাহিদা অনেক। 

সাম্প্রতিক সময়ে টিভি ও ইউটিউবে প্রকাশিত নাটকগুলোর দিকে নজর দিতেই বোঝা যায়, পারিবারিক গল্পের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। 

নাটকের গল্পের বুননে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, অন্তর্দ্বন্দ্ব, অধিকার আদায়ে স্বার্থান্বেষী হয়ে ওঠা, ত্যাগ, বিসর্জন, করুণ পরিণতি, বিরূপ পরিস্থিতির শিকার হওয়া থেকে শুরু করে নানারকম ঘটনা স্থান পেয়েছে। কখনো হাস্যরসের মিশেলে, কখনো বিষাদি ঘটনার সূত্র ধরে, নয়তো অতীতের ফেলে আসা সময়ের সূত্র ধরে। এসব প্রশংসিত হওয়ায় একের পর এক প্রচারে আসছে পারিবারিক গল্পের নাটকগুলো।

কয়েক বছরের মধ্যে তুমুল আলোচিত নাটক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পের এই নাটকের মূল বিষয়বস্তু হলো একটি সাধারণ বাঙালি পরিবারের দৈনন্দিন জীবনের টানাপোড়েন, পারিবারিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত মানুষের মধ্যকার মমত্ববোধের জয়গান। 

‘তোমাদের গল্প’ নাটকে দেখানো হয়েছে ভুল বোঝাবুঝির সূত্র ধরে পরিবারের সদস্যদের দূরে চলে যাওয়া এবং নাটকীয়তার মধ্য দিয়ে সেই সম্পর্কে আবার এক হওয়া। পরের কিস্তি ‘তোমাদের গল্প-২’-তে দেখা যায় দুই পরিবারের সন্তানদের প্রেম, বিয়ে এবং তা করুণ পরিণতির দিকে ধাবিত হতে। শুধু নিজ পরিবারের মানুষগুলোকে সুখী করতে ত্যাগ করতেও প্রস্তুত থাকতে দেখা যায় প্রধান দুই চরিত্রকে। আওরঙ্গজেবের রচনায় নজরুল ইসলাম রাজুর ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নাটকে স্থান পেয়েছে শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া না-পাওয়ার গল্প। 

‘কিছু কথা বাকি’ ও ‘ফ্যামিলি ম্যান’ নাটকে তুলে ধরা হয়েছে পরিবারের জন্য জীবনের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যেতে। ‘পারিজাতের জন্য ভালোবাসা’ ও ‘পুতুলের বিয়ে’ নাটকের মাধ্যমে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে পরিবারের সদস্যদের যে মানসিক যাতনা এবং তা থেকে মুক্তি পাওয়ার নাটকীয় ঘটনার সাক্ষী হই আমরা। শিগগিরই প্রচারে আসবে মুহিন খানের নতুন ধারাবাহিক নাটক ‘কর্মফল’। এর মূল বক্তব্য মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। এই বার্তা সবার জীবনের জন্যই প্রযোজ্য। প্রচারে আসছে ‘ পথহারা মন’।


পারিবারিক নাটকের সূত্র ধরে আবারও পর্দার নিয়মিত হচ্ছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, সমু চৌধুরী, খায়রুল আলম সবুজের মতো বেশ কিছু নন্দিত অভিনয়শিল্পী। ব্যস্ততা বেড়েছে দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, মিলি বাসার, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, রোজী সিদ্দিকীসহ অনেক শিল্পীর। 

পারিবারিক গল্পের নাটক প্রসঙ্গে বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘পারিবারিক গল্পের নাটক নির্মাণের সময়টা আবার ফিরে এসেছে। একসময় নাটকে পারিবারিক বিষয়টি প্রাধান্য পেত। অনেক ভালো ভালো ধারাবাহিক-একক নাটক প্রচার হতো। নাটকের সেই সোনালি যুগের পর লম্বা সময় রোমান্টিক-কমেডি নাটক হয়েছে। এসব দেখতে দেখতে দর্শক বিরক্ত। তারা ভিন্ন কিছু চান। সময়ের পরিবর্তনে এখন ভালো গল্পের নাটক হচ্ছে। তাতে পারিবারিক গল্প থাকছে।’

আবুল হায়াত বলেন, ‘এখন পারিবারিক গল্পের প্রতি নির্মাতাদের বেশ আগ্রহ দেখছি। দর্শকরাও নাটকগুলো মন ভরে দেখছেন। আসলে এসব গল্প তো আমাদের জীবনের কথা বলে। এ জন্য এসব নাটক গ্রহযোগ্যতা পায়।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নাটক  পারিবারিক গল্প  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: