সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা হিরণের মালিকানাধীন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সাভার ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। টানা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সময়ের আলো/এসএকে