নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল মসজিদের সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্মকর্তার সতর্কতায় চেকটি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় টাকা উত্তোলন সম্ভব হয়নি।
রোববার (২ আগস্ট) বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে ঘটনাটি গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে বদলগাছী শাখায় সোনালী ব্যাংকে ঘটে।
তথ্যসূত্রে জানা যায়, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মাহফুজ ৬০ হাজার টাকার একটি চেক নিয়ে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান। চেকটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং মডেল মসজিদের সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল।
ব্যাংক সূত্রে জানা যায়, মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলম বদলগাছী থেকে বদলি হওয়ায় তার স্বাক্ষর দেখে ব্যাংক ব্যবস্থাপক নূর আলমের সন্দেহ হয়। এ সময় মাহফুজ দাবি করেন, দায়িত্ব ছাড়ার আগে জাহাঙ্গীর আলম চেকটিতে স্বাক্ষর করে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করে। পরে চেকটি যাচাই করে ইউএনওর স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই চেকের বিপরীতে টাকা উত্তোলন স্থগিত করা হয়।
ঘটনার পর রোববার দুপুরে অভিযুক্ত মুয়াজ্জিন মো. মাহফুজকে উপজেলা মডেল মসজিদে দেখা যায়নি। তার বক্তব্য জানার জন্য ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মডেল মসজিদের বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। ঘটনাটি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে বদলগাছী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নূর আলম বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে ওই চেকের বিপরীতে টাকা উত্তোলন বন্ধ করে দিই। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি উপজেলা প্রশাসনের বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি সত্য। প্রাথমিকভাবে স্বাক্ষর জালের বিষয়টি ধরা পড়েছে। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই