নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে গেলেও মাঠে নামা হলো না বার্সেলোনার। প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড পূর্ণাঙ্গ সিনিয়র দল গঠন করতে না পারায় শেষ মুহূর্তে দুই দলের নির্ধারিত প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ইংল্যান্ডের সেন্ট জর্জ’স পার্কে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচের আগে প্রেস্টন কর্তৃপক্ষ বার্সেলোনাকে জানায়, খেলোয়াড় সংকটের কারণে তারা সিনিয়র দল মাঠে নামাতে পারবে না। বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২১ দল খেলানোর প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেনি বার্সেলোনা।
বার্সেলোনার মতে, নতুন মৌসুমের আগে কার্যকর প্রস্তুতির জন্য শক্তিশালী সিনিয়র দলের বিপক্ষে খেলা জরুরি। তাই বয়সভিত্তিক দলের বিপক্ষে না খেলে অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, সামনে লিগ কাপের ম্যাচ থাকায় প্রেস্টন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছে। এ ছাড়া চোটের কারণে আরও কয়েকজন ছিটকে যাওয়ায় পূর্ণাঙ্গ সিনিয়র দল গঠন করা সম্ভব হয়নি।
ম্যাচ বাতিল হওয়ায় প্রস্তুতি সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে বার্সেলোনাকে। নির্ধারিত সময়ের আগেই স্পেনে ফিরে যাবে কাতালান ক্লাবটি।
ইংল্যান্ড সফর শেষে ইতালিতে অনুষ্ঠেয় একটি প্রাক-মৌসুম টুর্নামেন্টে অংশ নেবে বার্সেলোনা। সেখানে তাদের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট ও উদিনেস। এরপর নিজেদের মাঠে জোয়ান গ্যাম্পার ট্রফিতে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
সময়ের আলো/টিকে/জেডআই