যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুই নৌপথ হরমুজ প্রণালী ও বাব আল-মান্দাব প্রণালীতে জাহাজ চলাচলে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
শিপিং তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালী দিয়ে ছয়টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ছিল তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি পণ্যবাহী জাহাজ। আগের দিন এই সংখ্যা ছিল সাতটি।
অন্যদিকে, বাব আল-মান্দাব প্রণালী দিয়ে ২০টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে ১২টি ট্যাংকার এবং আটটি বাল্ক কার্গো জাহাজ ছিল। আগের দিনের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের পরিকল্পনাও নেই।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ সমাধানের লক্ষ্যে চলমান আলোচনার কারণে তিনি নতুন হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন।
এদিকে, জাহাজে হামলার আশঙ্কার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সতর্কতা বজায় রয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হুমকির পর কিছু সৌদি পতাকাবাহী বড় তেলবাহী জাহাজ গালফ অব এডেন থেকে পথ পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার দিকে ঘুরে যাচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ