বিজয়ের ঘনিষ্ট অভিনেত্রী তৃষাকে কটুক্তি, গ্রেফতার তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতের তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৪

2026-08-04T12:29:48+00:00
2026-08-04T12:29:48+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিজয়ের ঘনিষ্ট অভিনেত্রী তৃষাকে কটুক্তি, গ্রেফতার তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতের তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ে এ ঘটনা ঘটে। পুলিশি হেফাজতে নেওয়ার সময় হাস্যোজ্জ্বল দেখা যায় উদয়নিধিকে। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই গ্রেপ্তারকে তিনি ‘প্রহসন’ হিসেবে দেখছেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে এর মোকাবিলা করবেন।

সোমবার তাঞ্জাভুরে কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উদয়নিধি। সেখানে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে সমালোচনা করতে গিয়ে তিনি দাবি করেন, তামিলনাড়ু কাবেরীর এক ফোঁটা পানিও পায়নি, অথচ মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন।

বক্তৃতার একপর্যায়ে জনতার মধ্য থেকে অভিনেত্রী তৃষার নাম উচ্চারিত হলে উদয়নিধি বিরতি নিয়ে দ্ব্যর্থবোধক ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এরপরই বিষয়টি রাজনৈতিক বিতর্কে রূপ নেয়।

জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) উদয়নিধির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করে এবং পুলিশের কাছেও লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, একজন নারী জনপরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে উদয়নিধি অশালীন ও দ্ব্যর্থবোধক মন্তব্য করেছেন, যা জনপরিসরে নারীদের প্রতি মৌখিক হয়রানি ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে।

তবে উদয়নিধির দল ডিএমকে গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। দলের নেতা টি. কে. এস. এলাঙ্গোভান বলেন, উদয়নিধি কারও বিরুদ্ধে অপমানজনক কিছু বলেননি। তিনি শুধু মুখ্যমন্ত্রী বিজয়ের ব্যর্থতার কথা তুলে ধরেছেন এবং তৃষার নামও নেননি।

অন্যদিকে টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন দাবি করেন, মুখ্যমন্ত্রী বা টিভিকের সমালোচনার জন্য নয়, একজন নারীকে অপমান করার অভিযোগেই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তামিলনাড়ু বিজেপিও উদয়নিধির সমালোচনা করে। দলটির মুখপাত্র নারায়ণন থিরুপথি মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য অশালীন ও লজ্জাজনক। এমন মন্তব্যের জন্য উদয়নিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, অভিনেত্রী তৃষাকে ঘিরে এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জনের পর রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তি প্রকাশ্যে মন্তব্য করেছেন। এর আগে চলতি বছর বিজেপি নেতা নায়নার নাগেন্দ্রনও তৃষাকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: