ফটিকছড়িতে বিএনপি কর্মীকে ‘আওয়ামী লীগ’ নেতা বানিয়ে জেলে পাঠানোর অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে খোদ বিএনপির নিবেদিত প্রাণ কর্মী মো. নুরুল আজম (৫৪) কে ‘আওয়ামী লীগ’ নেতা বানিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে

2026-08-04T13:20:12+00:00
2026-08-04T13:21:04+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে বিএনপি কর্মীকে ‘আওয়ামী লীগ’ নেতা বানিয়ে জেলে পাঠানোর অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১:২১ পিএম
মো. নুরুল আজম। ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে খোদ বিএনপির নিবেদিত প্রাণ কর্মী মো. নুরুল আজম (৫৪) কে ‘আওয়ামী লীগ’ নেতা বানিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) আদালত পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জেলে পাঠান। থানার এমন কর্মকাণ্ডে উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

মো. নুরুল আজম ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরী বাড়ির বাসিন্দা। মামলায় তাকে পৌর আ.লীগের কমিটির কাগজে এডিট করে সহসভাপতি দেখানো হয়। প্রকৃত অর্থে কমিটিতে ৬ নম্বর ক্রমিকের ব্যক্তি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন।

বিভিন্ন নথি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. নুরুল আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় থেকেই ছাত্রদলের রাজনীতি করতেন। পরে বিএনপির সদস্যপদ দিলে এবং ব্যবসায় মনোনিবেশ করলে সর্বশেষ ২০১৭ সালে আওয়ামী লীগের নানা রাজনৈতিক প্রতিহিংসা সত্ত্বেও পৌর বিএনপির সদস্যপদ নবায়ন করেন।


এলাকাবাসীর মতে, নুরুল আজম এলাকায় শিক্ষিত ও সজ্জন ব্যক্তি। তাকে পরিকল্পিত ও রাজনৈতিকভাবে শাসাতে একটি পক্ষ সক্রিয়। কারণ, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারের অনুসারী। থানা পুলিশকে বশে নিয়ে স্বার্থান্বেষীদের এমন গর্হিত কাজ এলাকার সবাইকে ক্ষুব্ধ করেছে।

সুশীল ও রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদলের কর্মী সাজিয়ে কিংবা পুরনো কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে প্রেরণের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে অশনি সংকেত। এটি অব্যাহত থাকলে রাজনীতি থেকে মেধাবী তরুণরা দূরে সরে যাবে।

থানা সূত্র জানায়, পুলিশ রোববার রাতে বিবিরহাটস্থ ফটিক প্লাজার সামনে থেকে আজমকে গ্রেফতার করে। পরদিন সোমবার রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। আদালতে দাখিল করা পুলিশি প্রতিবেদনে বলা হয়, নুরুল আজম ফটিকছড়ি পৌর আ.লীগের সহ-সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনায় জড়িত ছিলেন।


স্থানীয়দের মতে, নুরুল আজম উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের অনুসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে আজিমুল্লাহ বাহারের সঙ্গে তার বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতির ছবি রয়েছে। ফটিকছড়িতে বিএনপির বিবদমান দুটি পক্ষ রয়েছে। মূলত এটিই আজমের জন্য কাল হতে পারে।

নুরুল আজমের স্ত্রী ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক অনামিকা সায়মা বলেন, ‘স্বামী দীর্ঘদিন বিএনপি করেছেন, বিএনপি তার মনেপ্রাণে। নিশ্চিত এটি একটি ষড়যন্ত্র। কুৎসিত রাজনীতিবিদরা এর দায় এড়াতে পারেন না।’

আজমের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয় ভুলভাবে উপস্থাপন করে তাকে স্পর্শকাতর মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী বলেন, ‘বিএনপির কোনো কর্মীর গায়ে আ.লীগের নাম আসার সুযোগ নেই। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘মামলার ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন কিছু তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে। সে কারণেই তাকে মামলায় আসামি করা হয়। এটি রাজনৈতিক মামলা। সবকিছু আদালতই বিবেচনা করবেন।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ফটিকছড়ি  বিএনপি  কর্মী  আওয়ামী লীগ  নেতা  জেল  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: