প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ০৪.০৮.২০২৬ ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি দীর্ঘদিনের গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের শিল্প খাত বড় ধরনের চাপে রয়েছে। অনেক কারখানায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে।ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত বিভিন্ন পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্পেও উৎপাদন কমে যাওয়ায় বিদেশে পণ্য পাঠাতে সমস্যার মুখে পড়ছেন উদ্যোক্তারা।
এমন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
সংস্থাটি জানিয়েছে, বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তারা আশা করছে।
ব্যবসায়ীদের মতে, গ্যাসের ঘাটতির কারণে কাচ, ইস্পাত, বস্ত্র, তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট, কেক ও বিভিন্ন ভোগ্যপণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় ব্যয় বেড়েছে, ফলে অনেক প্রতিষ্ঠানকে লোকসান গুনতে হচ্ছে।
তারা আরও বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে কিছু শিল্পপ্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। তবে কেজিডিসিএলের আশ্বাসে শিল্প খাতে পরিস্থিতির উন্নতির আশা তৈরি হয়েছে।
সময়ের আলো/এমকে