জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই সনদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপন

2026-08-04T17:33:12+00:00
2026-08-04T17:33:12+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
জাতীয়
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
জুলাই সনদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘আজ একটি মাহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম। এই যাত্রা সমাপ্ত করব জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মাধ‌্যমে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসব সংসদে।’

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আলোচনা হয়েছিল, তার ধারাবাহিকতাতেই জুলাই সনদ তৈরি হয়েছে। তাই ওই আলোচনা ও সনদের মধ্যে কোনো বিভেদ দেখেন না তিনি।

আইনমন্ত্রী বলেন, পুরো সংবিধান পর্যালোচনা করা হবে, যাতে সব ধারার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। তিনি বলেন, ‘শুধুমাত্র ইমোশন দিয়ে, জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব সেটা আমরা করব না, করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে, জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য। জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসব এই সংসদে। যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। আজকে একটি মাহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম। এই যাত্রা সমাপ্ত করব জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মাধ‌্যমে।’

জুলাই সনদের সংবিধানসংক্রান্ত ৪৭টি ধারা সংশোধনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সনদকে সাংবিধানিক আইনের পরিভাষায় নিয়ে আসব।’

সনদের বিষয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদেই ওটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা থাকে, তাহলে সেইটা প্রিভেইল করবে। সেটাও কিন্তু জুলাই সনদেরই অংশ।’

বিরোধী দল কমিটিতে প্রতিনিধি না দিলে সংশোধনী কতটা বাস্তবসম্মত হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলের মতামত নেওয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের সুপারিশের মধ্যেই বিরোধী দলের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি।

সংবিধানের কিছু মৌলিক কাঠামোগত বিষয়ে বিএনপির ভিন্নমত থাকলে কী হবে, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার কোনটা মানা উচিত তা জুলাই সনদে দেওয়া আছে। জুলাই সনদে বিএনপি একটা বলেছে কাঠামোগত, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগেও উত্তর দিয়েছি। ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে।’

পঞ্চদশ সংশোধনীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জুলাই সনদে অঙ্গীকারনাম আছে কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন সংস্কারের প্রস্তাব। এক্ষেত্রে আমরা ওই আলোকে যাচ্ছি কি না, তারা বাইরে থেকে এটাকে পর্যবেক্ষণ করবে। তারা যদি মনে করেন যে আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যেকোনো সমালোচনায় আমরা একমোডেট করার চেষ্টা করব।’


বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে। এ জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবে কমিটি। জুলাই সনদ প্রণয়নে যারা কাজ করেছেন, তাদের সঙ্গেও মতবিনিময় করা হবে।

তিনি বলেন, এসব আলোচনা শেষে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হবে।

এদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সংবিধান সংশোধন আমরা আগামী এক বা দুই বছরের জন‌্য নয় আগামী প্রজন্মের জন‌্য করতে চাই তারা যেন এর সুফল ভোগ করে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল আসবে, এটা আমি আশা করি। তাদের প্রায় সবাই নতুন সংসদ সদস‌্য, সিদ্ধান্ত নিতে তাদের সময় লাগতে পারে, তাদের জন‌্য দরজা সবসময় খোলা আছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানও বহুবার সংশোধন করা হয়েছে, সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন করা হয় এটাই নিয়ম। আর সংশোধন ও সংস্কার দুটোর মাঝে মূলত কোন পার্থক‌্য নেই। আমরা যাই পরিবর্তন করি সেটাই সংস্কার।’


সময়ের আলো/এমকে


  বিষয়:   আইনমন্ত্রী  মো. আসাদুজ্জামান  জুলাই সনদ  সংবিধান সংশোধন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: