গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) গোবিন্দগঞ্জ মডেল মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মেহেদী হাসান মোহন নামের এক যুবক মসজিদের থাই গ্লাস ভেঙে গ্রিলের ভেতর দিয়ে প্রবেশ করে দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা পুলিশকে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আটক মেহেদী হাসান মোহন গোবিন্দগঞ্জ পৌরসভার থানা খলসী গ্রামের সাব্বির হোসেন সানির ছেলে বলে জানা গেছে।
সময়ের আলো/জোই