প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস। ছবি : সংগৃহীতপটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলে দুলালের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস। পরে মাছটি স্থানীয় বাজারে ১৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি। মাছটি কিনে নিয়েছেন স্থানীয় আড়তদার রাশেদ।
শুক্রবার (৬ নভেম্বর) বাউফল এলাকায় মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির পাঙ্গাসটি বাজারে আসার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।
আড়তদার রাশেদ জানান, রাতের লঞ্চে মাছটি ঢাকার মোকামে পাঠিয়েছেন। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হতে পারে। সে হিসাবে মাছটি বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা পাওয়া যেতে পারে। নদীর পাঙ্গাস হওয়ায় বাজারে এ মাছের চাহিদা ও দাম দুটোই বেশি।
জেলে দুলাল জানান, তেঁতুলিয়া নদীতে মাছটি তার জালে ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় তিনি মাছটি বিক্রি করে দিয়েছেন। নদীর পাঙ্গাসের বাজারমূল্য বেশি হওয়ায় ধরা পড়া মাছগুলো তারা সাধারণত বিক্রি করে দেন। নিজেদের খাওয়ার জন্য তুলনামূলক কম দামের খামারে চাষ করা পাঙ্গাস কেনেন।
স্থানীয় বাসিন্দা রাসেদুল বলেন, তেঁতুলিয়া নদীর মাছের আলাদা কদর রয়েছে। এ নদীর পানি মিঠা। শুধু পাঙ্গাস নয়, ইলিশসহ অন্যান্য মাছেরও ভালো চাহিদা রয়েছে। ফলে এসব মাছের দামও তুলনামূলক বেশি পাওয়া যায়। তবে মাছগুলো সাধারণত স্থানীয় বাজারে বিক্রি না করে মোকামে পাঠানো হয়। স্থানীয়রা শুধু মাছগুলো দেখেই আনন্দ পান।
সময়ের আলো/জোই