প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
ইউনুস রাশিদ নিঝুম। ছবি : সংগৃহীতজাপানে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস রাশিদ নিঝুম (২২)। সেই লক্ষ্যে শিখছিলেন জাপানি ভাষাও। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এই তরুণ। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার পরিকল্পনা ছিল। এ জন্য তিনি জাপানি ভাষা শেখার প্রস্তুতিও নিচ্ছিলেন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিঝুম ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু ফারহান আহত হন।
তিনি আরও জানান, নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই