দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন জেলার স্মৃতিস্তম্ভে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ওপর জোর দেন বিভিন্ন অংশীজন।
চট্টগ্রাম : চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। সকালে নগরীর নিউমার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারি কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এদিকে বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গাইবান্ধা : জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় গাইবান্ধা পৌর পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মীদের উপস্থিতির সময় ‘এনসিপি বয়কট’ স্লোগানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের একটি অংশের সঙ্গে এনসিপি সমর্থকদের বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঝিনাইদহ : কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রিজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনাজপুর : কর্মসূচির প্রথমে জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ : নওগাঁ শহরের মুক্তির মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ ছাড়াও সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল : নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলার সব সরকারি ও বেসরকারি বিনোদনমূলক পার্ক এবং দর্শনীয় স্থানগুলো সাধারণ মানুষ ও শিশুদের দর্শনের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়।
নাটোর : নাটোরে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও গণমিছিল সমাবেশের মধ্য দিয়ে পৃথকভাবে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি। জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর : শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিলটন।
পটুয়াখালী : নানা আয়োজনে পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
পরে জেলা পরিষদ শিশু পার্কে জুলাই গ্যালারি পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পাবনা : জেলা সদরের পাবনা জেলা পরিষদ চত্বরের সামনে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় জুলাই শহিদদের স্মরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নেত্রকোনা : জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাগেরহাট : বাগেরহাটে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।
পরে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অধিদফতরের কর্মকর্তারা ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানায়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই যোদ্ধারা।
জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন বলেন, শহিদদের রক্তের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতায়। যে জন্য ছাত্র-জনতা বুকের রক্ত দিয়েছে, এ দেশের মানুষ গণভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে। অথচ সেই জুলাই সনদ এখনও বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রমুখ।
ঠাকুরগাঁও : বৃষ্টি উপেক্ষা করেই ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও র্যালি করা হয়েছে। বুধবার সকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সময়ের আলো/প্রিন্ট/এমকে