সহকর্মীকে ধর্ষণের মামলায় ভারতের অনুসন্ধানী সাময়িকী তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ।
২০২১ সালে ট্রায়াল কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। একই সঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটি ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত থিঙ্কফেস্ট অনুষ্ঠানের সময়ের। অভিযোগ অনুযায়ী, হোটেলের একটি লিফটের ভেতরে তেজপাল তার এক জুনিয়র নারী সহকর্মীকে যৌন নিপীড়ন করেন।
২০১৭ সালে মামলার বিচার শুরু হয়। ২০২১ সালে ট্রায়াল কোর্ট তাকে খালাস দিলেও সেই রায়ের বিরুদ্ধে গোয়া সরকার হাইকোর্টে আপিল করে। আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দেন, যৌন নিপীড়নের শিকার ব্যক্তির আচরণকে কেন্দ্র করে ট্রায়াল কোর্ট যে মূল্যায়ন করেছে, তা আইনি ও বাস্তবিকভাবে গ্রহণযোগ্য নয়।
রায় ঘোষণার পর তেজপাল নিজেকে ‘রাজনীতির শিকার’ দাবি করে বলেন, তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়ে বলে, কোনো নারী ‘না’ বললে তার অর্থ ‘না’ এবং এ বিষয়ে সমাজে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন।