‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
রিটে দাবি করা হয়, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের কারণে অনেক পুরুষ অপ্রয়োজনীয় হয়রানির শিকার হচ্ছেন। তাই তাদের সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে পৃথক একটি আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
আবেদনে আরও বলা হয়, নতুন আইন হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান আইনের অপব্যবহার কমানো সম্ভব হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদনও করা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নির্দেশনারও আবেদন জানানো হয়েছিল।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়। তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।
সময়ের আলো/এমকে