পবিত্র কুরআনের প্রতিটি সুরাই মানুষের জন্য হেদায়েতের আলো। তবে সুরা ফাতেহার মর্যাদা স্বতন্ত্র। এটি কুরআনের প্রথম সুরা, আবার কুরআনের সারসংক্ষেপও। রাসুলুল্লাহ (সা.) এ সুরাকে ‘উম্মুল কুরআন’ বা কুরআনের মূল বলে অভিহিত করেছেন। নামাজের প্রতিটি রাকাতে এ সুরা পাঠ করা অপরিহার্য।
অর্থাৎ একজন মুসলমান প্রতিদিন বহুবার সুরা ফাতেহার শিক্ষাগুলো নিজের মুখে উচ্চারণ করেন। কিন্তু দুঃখজনক হলো, আমরা অনেকেই এর অর্থ ও তাৎপর্য নিয়ে খুব কমই ভাবি। সুরা ফাতেহা শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি একটি জীবনদর্শন। এখানে রয়েছে মানুষের পরিচয়, আল্লাহর পরিচয়, ইবাদতের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য এবং সফলতার পথনির্দেশ। তাই এ সুরার শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট- সব ক্ষেত্রেই সমান প্রাসঙ্গিক।
কৃতজ্ঞতা মানুষের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য
সুরা ফাতেহার শুরুই হয়েছে আল্লাহর প্রশংসার মাধ্যমে। মানুষের স্বাভাবিক প্রবণতা হলো কোনো প্রয়োজন দেখা দিলে আল্লাহর কাছে চাওয়া। কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন, চাওয়ার আগে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞতা শুধু মুখের একটি শব্দ নয়, এটি একটি মানসিকতা। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতকে উপলব্ধি করতে শেখে, সে অভিযোগপ্রবণ হয় না। সে জানে, তার জীবন, ঈমান, সুস্থতা, পরিবার, রিজিক ও সামর্থ্য- সবই আল্লাহর অনুগ্রহ।
আজকের সমাজে অশান্তির একটি বড় কারণ হলো অপ্রাপ্তির হিসাব। মানুষ কী পায়নি, সেটাই বেশি মনে রাখে; কী পেয়েছে, তা ভুলে যায়। ফলে অস্থিরতা, হিংসা ও হতাশা তাকে গ্রাস করে। অথচ সুরা ফাতেহা আমাদের প্রথমেই শেখায়- প্রশংসা ও কৃতজ্ঞতা দিয়ে জীবন শুরু করো। কৃতজ্ঞ হৃদয়ে বরকত নেমে আসে, আর অকৃতজ্ঞ হৃদয়ে অশান্তি বাসা বাঁধে। পরিবারেও এ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান যদি বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ হয়, স্বামী-স্ত্রী যদি পরস্পরের অবদানকে মূল্যায়ন করে এবং সমাজের মানুষ যদি একে অপরের ভালো কাজের স্বীকৃতি দেয়, তবে পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় হবে।
আল্লাহর রহমত থেকে নিরাশা নয়
সুরা ফাতেহায় আল্লাহকে পরম করুণাময় ও অসীম দয়ালু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। একজন মুমিনের জীবনে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ভুল করবে, ব্যর্থ হবে, কখনো গুনাহেও জড়িয়ে পড়বে। কিন্তু ইসলামের শিক্ষা হলো কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ তাঁর দয়া মানুষের পাপের চেয়েও অনেক বড়। বর্তমান সময়ে হতাশা একটি বড় সামাজিক সমস্যা। পরীক্ষায় ব্যর্থ হয়ে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে কিংবা পারিবারিক সংকটে পড়ে অনেকেই জীবন সম্পর্কে আশাহীন হয়ে পড়েন। কেউ কেউ এমন সিদ্ধান্তও নেন, যা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। সুরা ফাতেহা আমাদের মনে করিয়ে দেয়, আমরা এমন একজন রবের ইবাদত করি, যিনি বান্দার আন্তরিক তওবা ভালোবাসেন এবং ফিরে আসার সব দরজা খুলে রাখেন। তবে রহমতের আশা যেন দায়িত্বহীনতার অজুহাত না হয়। প্রকৃত মুমিন আল্লাহর রহমতের আশায় ভালো কাজ বাড়িয়ে দেন, গুনাহ থেকে ফিরে আসেন এবং নিজেকে সংশোধনের চেষ্টা করেন।
প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা
সুরা ফাতেহায় আল্লাহকে প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই একটি বিশ্বাস মানুষের চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে। আজ পৃথিবীতে অনেক মানুষ আইনকে ফাঁকি দিতে পারে, ক্ষমতার অপব্যবহার করতে পারে কিংবা মানুষের অধিকার নষ্ট করতে পারে। কিন্তু একজন ঈমানদার জানেন, এমন একটি দিন আসবে, যেদিন কোনো অন্যায়ই গোপন থাকবে না। প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি নিয়তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই বিশ্বাস একজন ব্যবসায়ীকে প্রতারণা থেকে বিরত রাখে, একজন শিক্ষককে দায়িত্বশীল করে, একজন চিকিৎসককে আন্তরিক করে, একজন সরকারি কর্মকর্তাকে দুর্নীতি থেকে দূরে রাখে এবং একজন অভিভাবককে সন্তান পালনে সচেতন করে। যদি আমাদের শিক্ষাব্যবস্থা, কর্মজীবন ও সামাজিক জীবনে আখেরাতের জবাবদিহিতার চেতনা শক্তিশালী হতো, তা হলে দুর্নীতি, মিথ্যাচার, ঘুষ, অন্যায় ও অবিচারের পরিমাণ অনেক কমে যেত। সুরা ফাতেহা তাই আমাদের শুধু আখেরাতের কথা স্মরণ করায় না; বরং দুনিয়ার জীবনকেও সুন্দর ও সুশৃঙ্খল করার শিক্ষা দেয়। কারণ যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নেয়, সে মানুষের হক নষ্ট করতে পারে না এবং অন্যায়কে জীবনের অংশ বানাতে পারে না।
উপাসনা ও প্রার্থনা শুধুই আল্লাহর
সুরা ফাতেহার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের ইবাদত, আনুগত্য ও নির্ভরতার কেন্দ্র একমাত্র আল্লাহ। এই আয়াতে একজন মুমিন ঘোষণা করেন, তিনি শুধু আল্লাহরই ইবাদত করবেন এবং সব ধরনের সাহায্যের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছেই প্রার্থনা করবেন। এই শিক্ষা মানুষের আত্মমর্যাদা ও স্বাধীনতাকে সুদৃঢ় করে। যে ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, সে অন্যায়ের কাছে মাথা নত করে না। সে ক্ষমতাবান মানুষের ভয়ে সত্য গোপন করে না, অবৈধ সুবিধার জন্য নীতি বিসর্জন দেয় না এবং মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দেয়। তবে শুধু মুখে সাহায্য চাওয়াই যথেষ্ট নয়। ইসলামের শিক্ষা হলো প্রথমে সর্বোচ্চ চেষ্টা, তারপর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। একজন কৃষক জমি চাষ করবেন, একজন শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়বেন, একজন ব্যবসায়ী পরিকল্পনা করে কাজ করবেন; এরপর ফলাফলের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন- এটিই প্রকৃত তাওয়াক্কুল। আজ অনেকেই হয় কেবল নিজের সামর্থ্যরে ওপর নির্ভর করেন, নয়তো চেষ্টা ছাড়াই শুধু দোয়ার মাধ্যমে সবকিছু পেতে চান। সুরা ফাতেহা এই দুই চরমপন্থার পরিবর্তে আমাদের শেখায় পরিশ্রম ও আল্লাহর ওপর নির্ভরতা একসঙ্গে চলবে।
জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হেদায়েত
এরপর সুরা ফাতেহায় বান্দা আল্লাহর কাছে যে দোয়াটি করেন, সেটিই মানবজীবনের সবচেয়ে মূল্যবান আবেদন- তিনি যেন আমাদের সরল পথের হেদায়েত দান করেন। এখানে লক্ষণীয় বিষয় হলো বান্দা ধনসম্পদ, খ্যাতি, দীর্ঘায়ু বা পার্থিব সফলতা চায় না; বরং সঠিক পথের দিশা চায়। কারণ হেদায়েত থাকলে মানুষ সম্পদকেও সঠিকভাবে ব্যবহার করতে পারে, ক্ষমতাকেও ন্যায় প্রতিষ্ঠার উপায়ে পরিণত করতে পারে এবং জ্ঞানকেও মানবকল্যাণে কাজে লাগাতে পারে। আজকের পৃথিবীতে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক পথ চিনে নেওয়ার সংকট রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, নানা মতাদর্শ এবং অসংখ্য প্রলোভনের ভিড়ে মানুষ প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ে। তাই একজন মুসলমান প্রতিদিন বহুবার আল্লাহর কাছে সঠিক পথের দোয়া করেন। এটি প্রমাণ করে হেদায়েত একবার পেলেই যথেষ্ট নয়, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর প্রয়োজন রয়েছে।
পুণ্যবানদের অনুসরণ সফলতার পথ
সুরা ফাতেহা আমাদের শেখায়, আমরা সেই পথ চাই, যে পথে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দারা চলেছেন। মানুষ স্বভাবতই কাউকে অনুসরণ করে। তাই ইসলাম আমাদের সামনে আদর্শ হিসেবে তুলে ধরেছে নবী-রাসুল, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল মানুষের জীবন। তাদের অনুসরণ করলে চরিত্র সুন্দর হয়, ঈমান মজবুত হয় এবং সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত হয়। বর্তমান সময়ে তরুণদের সামনে অনেক তথাকথিত আদর্শ হাজির করা হয়, যাদের সাফল্য কেবল অর্থ, খ্যাতি বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু একজন মুমিনের আদর্শ নির্ধারণ করে কুরআন। প্রকৃত সফল সেই ব্যক্তি, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তাই পরিবারে সন্তানদের সামনে নবী-রাসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুসলিম মনীষী ও সত্যনিষ্ঠ মানুষের জীবনী তুলে ধরা প্রয়োজন। আদর্শ বদলালে সমাজও বদলে যায়।
পথভ্রষ্টতার কারণ থেকে শিক্ষা
সুরা ফাতেহার শেষ আয়াতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন আমাদের সেই পথ থেকে রক্ষা করেন, যে পথে চললে মানুষ আল্লাহর অসন্তুষ্টির শিকার হয় অথবা সত্য জেনেও তা থেকে বিচ্যুত হয়ে যায়। এ শিক্ষা আমাদের আত্মসমালোচনা করতে শেখায়। একজন মুমিন অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকার আগে নিজের ভুল সংশোধনের চেষ্টা করেন। তিনি অহংকার, হিংসা, মিথ্যা, জুলুম, অন্যায় ও প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কারণ পথভ্রষ্টতা হঠাৎ করে আসে না; ছোট ছোট অবহেলা থেকেই বড় বিচ্যুতি সৃষ্টি হয়। আজ ব্যক্তি, পরিবার ও সমাজের অনেক সংকটের মূলেই রয়েছে আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে যাওয়া। তাই সুরা ফাতেহা আমাদের প্রতিদিন স্মরণ করিয়ে দেয়- সঠিক পথে টিকে থাকাও আল্লাহর বিশেষ অনুগ্রহ, আর সে অনুগ্রহের জন্য প্রতিনিয়ত দোয়া করতে হবে।
মোটকথা, সুরা ফাতেহা কেবল নামাজে পড়া একটি সুরা নয়, এটি একজন মুমিনের জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এখানে রয়েছে কৃতজ্ঞতার শিক্ষা, আল্লাহর রহমতের প্রতি অটুট বিশ্বাস, আখেরাতের জবাবদিহিতার চেতনা, একনিষ্ঠ ইবাদত, আল্লাহর ওপর নির্ভরতা, হেদায়েতের জন্য অবিরাম প্রার্থনা, নেককারদের অনুসরণের আহ্বান এবং পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার সতর্কবার্তা। আমরা যদি প্রতিদিন শুধু মুখে সুরা ফাতেহা তেলাওয়াত না করে এর শিক্ষাগুলো জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, তা হলে আমাদের ব্যক্তিজীবন হবে আরও পরিশুদ্ধ, পারিবারিক জীবন হবে আরও শান্তিময়, কর্মজীবন হবে আরও দায়িত্বশীল এবং সমাজ হবে আরও ন্যায়ভিত্তিক ও মানবিক।
লেখক : শিক্ষক, মাদরাসাতুত দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ
সময়ের আলো/জেডআই