ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা দুই সপ্তাহ ধরে মানুষের ওপর হামলা চালানো একটি লম্বা লেজের ম্যাকাক বানর আটক করা হয়েছে। এর হামলায় ১৮ জন আহত হওয়ায় আতঙ্কে ৪০টি স্কুল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রিয়াউ প্রদেশের তেমবিলাহান অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের প্রধান জুনাইদি ইসমাইলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
তেমবিলাহান শহরে ২৫ জুলাই থেকে বানরটি অন্তত ১৯ বার মানুষের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে শিশু ও বয়স্করাও রয়েছেন। কয়েকজনকে একাধিক সেলাই দিতে হয়েছে। অনেককে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শহরে পাতা একটি ফাঁদে বানরটি ধরা পড়ে। পরে এটিকে প্রাদেশিক রাজধানী পেকানবারুতে নেওয়া হয়। সেখানে বানরটির রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। এটি কোনো রোগ বহন করছে কি না, তাও পরীক্ষা করা হবে।
স্থানীয় কর্মকর্তা আরি সিউরিয়া বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা, আরও বানর লোকালয়ে ঢুকে মানুষের ওপর হামলা চালাতে পারে।
বানরের আতঙ্কে শুক্রবার পর্যন্ত ৪০টি স্কুল বন্ধ ছিল। শত শত শিক্ষার্থীর জন্য তিন দিনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার স্কুলগুলো খোলার কথা রয়েছে।
জীববিজ্ঞানের শিক্ষক পুজি রিয়ান্তি বলেন, বন উজাড়ের কারণে বন্য প্রাণীর আবাসস্থল সংকুচিত হচ্ছে। মানুষের বসতির কাছে সহজে খাবার পাওয়ায় কিছু বানর লোকালয়ে আসতে অভ্যস্ত হয়ে পড়ছে। আটক বানরটি আগে পোষা প্রাণী ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর
সময়ের আলো/এমকে