আওয়ামী লীগের বিচার নিয়ে যত চ্যালেঞ্জ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলার পর বাংলাদেশে আওয়ামী লীগের বিচার

2026-08-08T11:12:36+00:00
2026-08-08T11:47:55+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের বিচার নিয়ে যত চ্যালেঞ্জ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৭ এএম
গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। ছবি : সংগৃহীত
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলার পর বাংলাদেশে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। দলটির সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার পর এবার রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিচারের সুযোগ তৈরি করে সাবেক অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, একটি অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, রোম সংবিধি ও সন্ত্রাসবিরোধী আইন বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

তার ভাষ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির কার্যক্রম পর্যালোচনা করা হবে। তদন্তে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দলটিকে বিচারের মুখোমুখি করা হবে।

তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। বিএনপিসহ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত দলগুলোর অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।


জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসি পার্টিকে নিষিদ্ধ করার নজির রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে করা হলে দলটির বিচারের নৈতিক ভিত্তি তৈরি হতে পারে বলেও তিনি মনে করেন।

অন্যদিকে সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সতর্কতার কথা বলেছেন। তার মতে, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন প্রমাণ ছাড়া একটি রাজনৈতিক সংগঠনকে বিচারের মুখোমুখি করা কঠিন। বড় একটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা গণতন্ত্র ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত করার বিষয়ে সতর্ক করে থাকে। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধন করে ২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী সংসদে পাস হয়েছে। সরকার বলছে, গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই আইনি কাঠামো শক্তিশালী করা হয়েছে।

সব মিলিয়ে আওয়ামী লীগের বিচার এখন শুধু আইনি বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রমাণের গ্রহণযোগ্যতা, রাজনৈতিক সমর্থন, গণতান্ত্রিক অধিকার এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন। তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র : বিবিসি বাংলা


সময়ের আলো/এমকে


  বিষয়:   আওয়ামী লীগ  বিচার  চ্যালেঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: