ঠাকুরগাঁওয়ে ১২ সড়ক প্রশস্তকরণে ১৪০ কোটির প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

2026-08-08T20:32:48+00:00
2026-08-08T20:32:48+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে ১২ সড়ক প্রশস্তকরণে ১৪০ কোটির প্রকল্প অনুমোদন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় প্রথম ধাপে ১২টি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকারের রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)-এর আওতায় বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পকে জেলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দিনাজপুর এনএইচডব্লিউ থেকে খোচাবাড়ী জিসি হয়ে নারগুন ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, গোবিন্দনগর সমবায় মার্কেট থেকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, রুহিয়া সিনেমা হল ১১ মাইল এনএইচডব্লিউ থেকে দেবীপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, ঠাকুরগাঁও থেকে আটোয়ারী আরএন্ডএইচ (রুহিয়া) থেকে রামনাথহাট জিসি সড়ক, রামনাথ জিসি থেকে লাহিড়ী জিসি সড়ক, বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে সাবদালহাট সড়ক, পল্লী বিদ্যুৎহাট থেকে রুহিয়া ইউনিয়ন পরিষদ সড়ক প্রশস্ত করা হবে।

এছাড়াও আধার দিঘিহাট থেকে আমজানখোর ইউনিয়ন পরিষদ অফিস (স্কুলহাট) হয়ে উদয়পুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, মিরডাঙ্গীহাট থেকে যাদুরাণী জিসি সড়ক, হরিপুর হেডকোয়ার্টার থেকে ধীরগঞ্জ জিসি সড়ক এবং পীরগঞ্জ থেকে ফকিরগঞ্জহাট হয়ে হাজীপুর থেকে সেনগাঁও ইউনিয়ন পরিষদ সড়ক অংশ প্রশস্ত করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একাধিক উন্নয়ন সভায় বলেছেন, ঠাকুরগাঁওয়ের একটি রাস্তাও কাঁচা থাকবে না। তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় প্রায় ১৪০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি সড়ক আধুনিক মানদণ্ডে প্রশস্ত করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


নারগুন ইউনিয়নের কৃষক মো. আব্দুল হান্নান বলেন, বর্ষা মৌসুমে এই সড়কে ট্রাক-ভ্যান চলাচল করতে অনেক সমস্যা হয়। রাস্তা প্রশস্ত হলে ধান, গম ও আলুসহ কৃষিপণ্য সহজে বাজারে নিতে পারব। এতে কৃষকের উৎপাদন খরচও কমবে।

গোবিন্দনগর সমবায় মার্কেটের ব্যবসায়ী মো. শাহিনুর রহমান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি ছিল নিত্যদিনের ঘটনা। প্রশস্তকরণ শেষ হলে ব্যবসা-বাণিজ্য যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও অনেক কমে যাবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, জেলায় একসঙ্গে এতগুলো সড়ক প্রশস্তকরণের উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয়দের  আশা, প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত 'ঠাকুরগাঁওয়ের একটি রাস্তাও কাঁচা থাকবে না' এই অঙ্গীকার বাস্তব রূপ পেতে শুরু করবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ঠাকুরগাঁও  সড়ক  প্রশস্তকরণ  প্রকল্প অনুমোদন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: