ঢাকার ধামরাইয়ে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় অন্তত দুই দফায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলেও দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের। যদিও পুলিশের দাবি, এমন মিছিলের খবর জানেন না তারা। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি সংশ্লিষ্ট থানার।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ মিছিলের অন্তত দুটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।
তার দাবি, শনিবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় ওই মিছিল করা হয়।
ওই মিছিলের ভিডিওতে দেখা যায়, ধামরাই উপজেলা আওয়ামী লীগ লেখা একটি ব্যানারের সামনে রয়েছেন ধামরাই উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে একটি মিছিল করা হচ্ছে। ব্যানারের সামনে তিনি হাঁটছেন, আর পেছনে অন্তত ১০ জন নেতাকর্মী রয়েছেন। তবে এসব নেতাকর্মীর নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
এক ফেসবুক পোস্টে রবিউল আউয়াল রুবেলের দাবি, সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় বিলট্রেড-ডাবর বাংলাদেশ কোম্পানির সামনে থেকে একটি মিছিল বের করেন অন্তত ৩০ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সেখানে তারা পুলিশের মুখোমুখি হন। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই দফা মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর কালামপুর–সাটুরিয়া সড়কের খাগুরতা এলাকায় ওই মিছিল করা হয়।
রবিউল আউয়াল রুবেলের দাবি, ঢাকা-আরিচা মহাসড়কে প্রথম মিছিলের সামনে অন্তত দুইজন পুলিশ সদস্য এসে পড়েন। তবে তারা সংখ্যায় কম হওয়ায় পিছু হটেন। পরবর্তীতে ফের আরও দুইজন পুলিশ সদস্যসহ চারজন পুলিশ সদস্য তাদের মুখোমুখি হন। তবে তারাও আওয়ামী লীগ নেতাকর্মীদের তুলনায় সংখ্যায় কম হওয়ায় পিছু হটেন। এসব ঘটনার জেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের স্থান পরিবর্তন করেন।
এদিকে আওয়ামী এমন মিছিলের তথ্য জানা নেই বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি থানার শীর্ষ কর্মকর্তার।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, নিউজটা আপনার মতো আমিও শুনছি। কিন্তু কোনো তথ্য পাইনি। পুলিশের মুখোমুখি হওয়ার বিষয়টিও উড়িয়ে দেন তিনি। রাতে হাইওয়েতে পুলিশ থাকে। তবে পুলিশের মুখোমুখি হওয়ার বিষয়ে কোনো তথ্য পাইনি এখনও। আর ধামরাই গ্রাম অঞ্চল, এখানে ভেতরে কিছু হলে পাওয়া দুরূহ।
সময়ের আলো/জোই