রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যানের চাপায় একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিপন (৪০) নামে এক পথচারী।
সোমবার (১০ আগস্ট) মগবাজার-মৌচাক উড়ালসড়কের ওয়্যারলেস ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে রিয়াদ হোসেন মারা যান। আহত রিপন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পথচারী হারুন অর রশীদ জানান, মৌচাক-মালিবাগ উড়ালসড়ক থেকে একটি কাভার্ডভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়কে থাকা একটি সিএনজি ও দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারী আহত হন।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। জামানের বাবার নাম ইলিয়াছ ফকির এবং রিয়াদের বাবার নাম লিয়াকত ফকির।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রমনা থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/এমকে