এসএসসিতে দুই ক্ষেত্রেই ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জন—দুই ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর

2026-08-10T11:47:39+00:00
2026-08-10T11:47:39+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসিতে দুই ক্ষেত্রেই ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জন—দুই ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট এগিয়ে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

এবার ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯০৯ জন। অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।

জিপিএ-৫ অর্জনেও ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৩৩৩ জন এবং ছাত্র ১৪ হাজার ৯২০ জন।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ঢাকা বোর্ডের পর রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে ১৬ হাজার ৩১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া দিনাজপুরে ১৩ হাজার ৬৩৯, যশোরে ১১ হাজার ৪৭৮, কুমিল্লায় ৯ হাজার ৮১৪, চট্টগ্রামে ৯ হাজার ৩৯৮, ময়মনসিংহে ৫ হাজার ৭০০, সিলেটে ৩ হাজার ৮৩৬ এবং বরিশালে ২ হাজার ৭৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন জিপিএ-৫ পেয়েছে।

এবার সার্বিক পাসের হার গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট।

একইভাবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। গত বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  এসএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: