ঝালকাঠির নলছিটিতে হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হয়েছেন বাবা। উপজেলার গোবিন্দপুর গ্রামে রোববার (৯ আগস্ট) বিকেলে হামলায় বাবা আক্কাস খান (৫৫) ও ছেলে জসিম খান (৩২) আহত হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে আক্কাস খানকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ সোমবার (১০ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এতে জড়িয়ে পড়ে উভয়ের পরিবার। এরই জের ধরে রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান ভাই শফিক খান লোকজন নিয়ে হামলা চালায়। জসিমের চিৎকার শুনে তার বাবা আক্কাস খান বাঁচাতে গেলে দু’জনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। রক্তাক্ত অবস্থায় তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। ছেলে জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আক্কাস খানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই