এবার এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার কম হওয়ায় প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে একাদশে। সোমবার প্রকাশিত ফলাফলে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম।
স্কুলের গণ্ডি পেরোনোর এই পরীক্ষায় এবার ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে।
আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানী ঢাকা ও অন্যান্য জেলা শহরে ভালো কলেজে ৪০ হাজারের কিছু বেশি আসন রয়েছে। ঢাকার শীর্ষ কলেজগুলোয় বরাবরের মতো ভর্তির লড়াইটা বেশি। ঢাকার কলেজগুলোর মধ্যে ছেলেদের পছন্দের শীর্ষে নটর ডেম কলেজ। এবারও খ্রিস্টান ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, নটর ডেম কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৮০০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩০০টি, মানবিক ৪১০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০টি আসন রয়েছে।
মেয়েদের পছন্দের শীর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৭৬০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩১৬টি, মানবিক ২৬৪টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১১টি আসন রয়েছে।
দেশের সরকারি কলেজগুলোর মধ্যে পছন্দের শীর্ষে থাকা ঢাকা কলেজে বিজ্ঞান ৯০০টি, মানবিক ১৫০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০টি আসন রয়েছে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৬৫০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৯০টি, মানবিক ১৯০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪০টি আসন রয়েছে।
হলিক্রস কলেজে বিজ্ঞান ৭৮০টি, মানবিক ২৭০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি আসন রয়েছে।
ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৬০০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০০টি, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ১৮০০টি, ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) বিভাগে ১০০টি আসন রয়েছে।
সরকারি বিজ্ঞান কলেজে শুধু বিজ্ঞান বিভাগে ১২৬০টি আসন রয়েছে।
ঢাকা সিটি কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১০০০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১৫০টি, মানবিক ৮৭টি, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ৭০০টি ও ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) বিভাগে ১৫০টি আসন রয়েছে।
রাজউক উত্তরা মডেল কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৩২০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩৫৪টি, মানবিক ১৪০টি, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ৪০০টি ও ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) বিভাগে ২৪০টি আসন রয়েছে।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ৪৫০টি, ব্যবসায় শিক্ষা ২৭৫টি, মানবিক বিভাগে ৭৫টি আসন রয়েছে।
সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১০০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০০টি, মানবিক ১০০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ১০০টি আসন রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে