কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসিমের ছেলে মো. আরমান।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। তারা কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে।
সময়ের আলো/জোই