প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৩

2026-11-14T09:44:10+00:00
2026-11-14T09:44:10+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ এএম 
বিসিবি পরিচালক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণাও করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটার দিকে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিসিবি পরিচালক মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণ করা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। তার দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবিতে আসলেন-সেই প্রশ্ন তোলেন তিনি।

নাজমুল হুদা আরও বলেন, রাত ৮টার দিকে স্টেডিয়ামে গিয়ে উত্তেজিত নেতাকর্মীরা মিজানুর রহমানের ব্যানারে আগুন দিয়েছে। তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এসময় বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন।

অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না। কেউ তাকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

উল্লেখ্য, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। তার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ  ব্যানারে আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: