প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম
মো. এনামুল হক। ছবি : সংগৃহীতদীর্ঘ প্রবাসজীবন শেষে দুবাই থেকে দেশে ফিরেছিলেন মো. এনামুল হক (৫৮)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রামে পৌঁছে সকালেই বাড়ি ফেরেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর বিকেলেই তার মৃত্যু হয়।
শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনামুল হক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে যান এনামুল হক। সেখানে একটি কোম্পানিতে সেলাইয়ের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি। ২০২৩ সালের শেষ দিকে তার ব্রেন টিউমার ধরা পড়ে। সেখানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়ি ফেরেন। দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন জানান, তার চাচা শুক্রবার সকালে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে চাচা ও চাচাতো ভাই তাকে বাড়িতে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়ি পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এনামুল হকের তিন মেয়ে রয়েছে।
বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিকাশ হালদার জানান, দুপুর ১২টার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। তার ধারণা, ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
সময়ের আলো/জোই