ফোন কি ধীরে ধীরে আপনার সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে

সময়ের আলো ডেস্ক

ফিচার

একই ঘরে বসে আছেন দম্পতি, কিন্তু কথা হচ্ছে না। একজন ব্যস্ত ফোনের স্ক্রিনে, অন্যজনও ডুবে আছেন নিজের ডিভাইসে। একসময় যে

2026-08-13T13:36:11+00:00
2026-08-13T13:36:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
ফিচার
ফোন কি ধীরে ধীরে আপনার সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম 
অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে কাছের মানুষটির সঙ্গেই যদি দূরত্ব তৈরি হতে থাকে, তাহলে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। সংগৃহীত ছবি
একই ঘরে বসে আছেন দম্পতি, কিন্তু কথা হচ্ছে না। একজন ব্যস্ত ফোনের স্ক্রিনে, অন্যজনও ডুবে আছেন নিজের ডিভাইসে। একসময় যে মানুষটির সঙ্গে দিনের ছোট-বড় সব কথা ভাগ করে নিতে ইচ্ছে করত, এখন তার পাশেই বসে থেকেও হয়তো সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, দূরের মানুষকে কাছে এনেছে। কিন্তু অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে কাছের মানুষটির সঙ্গেই যদি দূরত্ব তৈরি হতে থাকে, তাহলে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। ফোন ব্যবহার কত ঘণ্টা করছেন, শুধু সেটিই মূল বিষয় নয়; বরং ফোন কি আপনার প্রিয় মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে সম্পর্কের জন্য এটি হতে পারে সতর্কবার্তা।  

জেনে নিন, কীভাবে অতিরিক্ত ফোন ব্যবহার ধীরে ধীরে সম্পর্কে প্রভাব ফেলতে পারে— 

সঙ্গীর সঙ্গে কথা বলার বদলে ফোনেই বেশি সময় 

দিনের কাজ শেষে সঙ্গীর সঙ্গে কিছু সময় গল্প করার বদলে যদি প্রথমেই ফোন হাতে নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে ঢুকে পড়েন, তাহলে ধীরে ধীরে স্বাভাবিক সম্পর্কের যোগাযোগ কমে যেতে পারে।  

সম্পর্ক অনেকটাই তৈরি হয় ছোট ছোট কথাবার্তা থেকে— দিন কেমন গেল, কী নিয়ে চিন্তা হচ্ছে, আজ কী ভালো লাগল এসব জানার মধ্য দিয়ে। এই কথাগুলো কমে গেলে দুজনের মধ্যে মানসিক দূরত্বও বাড়তে পারে।

পাশে থেকেও যখন মনোযোগ থাকে অন্যদিকে

আপনি হয়তো সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কথা বলছেন, নিজের দিনের গল্প করছেন কিংবা আনন্দের কোনো খবর জানাচ্ছেন। কিন্তু সে যদি বারবার ফোনের স্ক্রিনে তাকাতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে, আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। 

এভাবে বারবার উপেক্ষিত বোধ করলে অভিমান, বিরক্তি এবং হতাশা তৈরি হতে পারে। একসময় ছোট বিষয়ও বড় ধরনের ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।  

অবসর পেলেই ফোন হাতে 

দুজন পাশাপাশি বসে আছেন, বিশেষ কোনো কথা নেই— এই নীরবতাও সম্পর্কের সুন্দর একটি মুহূর্ত হতে পারে। কিন্তু এমন সময়ও যদি দুজনেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে একসঙ্গে থাকার আনন্দটাই হারিয়ে যায়। 

প্রতিটি ফাঁকা সময় ফোনে স্ক্রল করতে করতে একসময় এমন হতে পারে যে, একই ঘরে থেকেও দুজন আলাদা আলাদা জগতে বসবাস করছেন। 


ফোন নিয়ে নিয়মিত ঝগড়া

সঙ্গী যদি বারবার বলেন, তুমি সব সময় ফোন নিয়ে থাকো, কিংবা আপনারও যদি একই অভিযোগ থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

এখানে আসল সমস্যা শুধু ফোনে কত সময় কাটানো, তা নয়। বরং এর পেছনে থাকতে পারে— তুমি আমাকে সময় দিচ্ছ না বা আগের মতো আমাকে গুরুত্ব দিচ্ছ না এমন অনুভূতি। ফলে ফোনটি ধীরে ধীরে সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে।  

অপরিচিত মানুষের জীবন নিয়ে আগ্রহ বেশি 

সামাজিক যোগাযোগমাধ্যমে আপনি হয়তো নিয়মিত জানতে পারছেন কোন তারকা কোথায় গেলেন, কে কার সঙ্গে সম্পর্কে জড়ালেন বা পুরোনো কোনো বন্ধুর জীবনে কী ঘটছে। কিন্তু একই সময়ে আপনার সঙ্গী কী নিয়ে চিন্তিত, কী নিয়ে আনন্দিত বা ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন— সেটা হয়তো আপনার অজানা।

যখন সামাজিক যোগাযোগমাধ্যমের অপরিচিত মানুষদের জীবন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর পাশে থাকা মানুষটির অনুভূতি জানার আগ্রহ কমে যায়, তখন সম্পর্কের ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক।  

তাই ফোনকে পুরোপুরি দূরে সরিয়ে রাখা নয়, বরং প্রিয় মানুষের জন্য কিছুটা সময় ফোনমুক্ত রাখা জরুরি। কখনো কখনো একটি মনোযোগ দিয়ে শোনা কথা, একসঙ্গে হাসা কিংবা কিছুক্ষণ নীরবে পাশে বসে থাকাই সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   অতিরিক্ত  ফোন  ব্যবহার  দাম্পত্য  সম্পর্ক 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: