পরিশ্রম ছাড়া শিল্পীজীবন স্থায়ী হয় না : ফারজানা ছবি

মাসুদুর রহমান

আনন্দ সময়

অভিনয়ের সব মাধ্যমেই সরব অভিনেত্রী ফারজানা ছবি। একক নাটকের পাশাপাশি বিটিভিসহ একাধিক টিভি চ্যানেলে প্রচার চলতি কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন

2026-08-14T03:34:29+00:00
2026-08-14T03:35:24+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
পরিশ্রম ছাড়া শিল্পীজীবন স্থায়ী হয় না : ফারজানা ছবি
মাসুদুর রহমান
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৩৪ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৩:৩৫ এএম
অভিনেত্রী ফারজানা ছবি। ছবি : সংগৃহীত
অভিনয়ের সব মাধ্যমেই সরব অভিনেত্রী ফারজানা ছবি। একক নাটকের পাশাপাশি বিটিভিসহ একাধিক টিভি চ্যানেলে প্রচার চলতি কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। অভিনয়ের ফাঁকে করছেন উপস্থাপনাও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

সময়ের আলো : ব্যস্ততায় সময় কেমন কাটছে?

ফারজানা ছবি : খুবই ভালো সময় কাটছে। নিয়মিত অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছি। তবে আজ (গতকাল) ব্যস্ত রয়েছি ফটোশুট নিয়ে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিশ্বরঙের ফটোশুট করছি। 

সময়ের আলো : অভিনয়ের খবর কি? 

ফারজানা ছবি : ওটিটি, সিনেমা, ধারাবাহিক ও একক নাটকে কাজ করছি। দুটি চ্যানেলে প্রচারিত হচ্ছে তিনটি ধারাবাহিক নাটক। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচার শুরু হয়েছে ‘বিরোধ’। সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় নাটকটির প্রযোজনায় রয়েছেন মামুন মাহমুদ। এর গল্পটি এগিয়েছে একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের ভাঙন এবং মানবিক মূল্যবোধ নিয়ে। মাছরাঙা টেলিভিশনে চলছে আওরঙ্গজেবের রচনা ও নজরুল ইসলাম রাজুর ‘মিডল ক্লাস ফ্যামেলি’। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের বাস্তব রূপ ফুটে উঠেছে এই নাটকে। একই চ্যানেলে প্রচারিত হচ্ছে ‘বিশ্বাস বনাম সর্দার’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। ধারাবাহিকটিতে একটি গ্রামের প্রভাবশালী দুই পরিবার বংশানুক্রমিক বৈরিতা ও গ্রামীণ সামাজিক প্রেক্ষাপট উপস্থাপিত হয়েছে।

সময়ের আলো : একক নাটক কি কমিয়ে দিয়েছেন?

ফারজানা ছবি : সিনেমা ও ধারাবাহিকের ব্যস্ততার ফাঁকে একক নাটকেও অভিনয় করা হয়। সম্প্রতি কয়েকটি নাটকে অভিনয় করেছি। এরমধ্যে অঞ্জন আইচের পরিচালনায় ‘মিথ্যাবাদী মিজান’ ও লিটু করিমের ‘লোভী মন’ নাটক দুটি অন্যতম। 


সময়ের আলো : চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিয়ে থাকেন?

ফারজানা ছবি : একটি গল্পের চরিত্রে অভিনয় করে ভিন্ন আরেক গল্পের জন্য নিজেকে অবশ্যই প্রস্তুত করতে হয়। প্রস্তুতি ছাড়া চরিত্র সুন্দর হয় না। এ জন্য আমি দুয়েক দিনের বিরতি নিয়েই অভিনয় করে থাকি। 

সময়ের আলো : অনেকেই তো চিত্রনাট্য পেয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান...

ফারজানা ছবি : হ্যাঁ, আজকাল কেউ কেউ এমনটি করে থাকেন। প্রস্তুতি ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেন। তাদের ভুল কিন্তু দর্শকের চোখে ধরা পড়ে। আসলে সহজ পন্থায় অভিনয়শিল্পী হওয়া যায় না। যারা এই চেষ্টা করেন অভিনয়ে তারা বেশি দিন টিকতে পারেন না। পরিশ্রম ছাড়া শিল্পীজীবন স্থায়ী হয় না। পর্দার একটি চরিত্র সমাজের অজস্র জীবনের কথা বলে। সেই চরিত্রকে সুন্দরভাবে উপস্থাপনের দায়িত্ব একজন অভিনয়শিল্পীর। 

সময়ের আলো : প্রেক্ষাগৃহে আপনার নতুন সিনেমা আসছে কবে?

ফারজানা ছবি : আসন্ন দুর্গাপূজায় আমার তিনটি সিনেমা মুক্তির কথা। রায়হান রাফীর ‘আন্ধার’, অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও কামরুজ্জামান পরিচালিত ‘আবার হঠাৎ বৃষ্টি’। তবে চরিত্রগুলো নিয়ে কিছু বলা নিষেধ আছে। 

সময়ের আলো : আপনাকে উপস্থাপনাতে দেখা যায়...

ফারজানা ছবি : অনেক আগে থেকেই উপস্থাপনা করে আসছি। বিভিন্ন সময়ে বেতার ও টিভি অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করেছি। সম্প্রতি কয়েকটি মঞ্চ ও একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেছি। 

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   পরিশ্রম  শিল্পী  জীবন  সময়ের আলো  বিনোদন  অভিনেত্রী  ফারজানা ছবি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: