দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় তৈরি হওয়া দুর্ভোগকে দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এই সংকট থেকে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন’ প্রকল্পের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিনের জমে থাকা এই সংকট নিরসনে গ্যাস আমদানি ও সরবরাহের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
অবকাঠামো তৈরি হতে দুই বছরের মতো সময় লাগবে স্বীকার করে মুক্তাদির বলেন, এই মধ্যবর্তী সময়টি দেশের শিল্পখাতের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে দ্রুত কোনো সাময়িক সমাধান করা সম্ভব কিনা, তা নিয়েও সরকার গুরুত্বের সাথে কাজ করছে।
মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে তিনি জানান, সেখানকার ছোট আকারের জাহাজগুলো অন্যত্র নিয়োজিত থাকায় সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তবুও সাময়িকভাবে গ্যাসের যোগান বাড়াতে সরকার বিকল্প পথ খুঁজছে।
সিলেটের উক্ত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি