ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী তিনি। ইমরুল জানান, মিরাজের একটি মন্তব্যই তার এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে - ‘আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেব।’
শনিবার (১৫ আগস্ট) ডারউইনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই ওপেনার বলেন, "ইনশাআল্লাহ, আমি আত্মবিশ্বাসী যে এই টেস্টটি আমরা জিতব। কারণ এই ধরনের পরিস্থিতিতে আমি কখনো বাংলাদেশ দলকে টেস্ট ম্যাচ হারতে দেখিনি। আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটি জিতবে।"
ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর হতাশ হলেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল ইমরুলের। ডারউইনের গ্যালারিতে বসে বাংলাদেশকে দাপট নিয়ে খেলতে দেখে গর্ববোধ করে তিনি বলেন, "বাংলাদেশ ৫৪ রানে অলআউট হওয়ার পর খারাপ লাগছিল। তবে আমি সেদিনই বলেছিলাম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। অস্ট্রেলিয়ার মাটিতে এসে এভাবে দাপটের সাথে খুব কম দলই খেলেছে।"
ম্যাচ চলাকালীন মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথোপকথনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, "মিরাজ যখন শতক হাঁকাল, তখন তার কাছে দলের অবস্থা জানতে চেয়েছিলাম। মিরাজ তখন সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আমাকে বলল, ‘ইমরুল ভাই, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেব।’ ওর বলার ভঙ্গি দেখে আমার মনে হয়েছিল বাংলাদেশ সত্যি বিশেষ কিছু করবে।"
এছাড়া ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরির (১৯৭ বলে ১০১ রান) প্রশংসা করে ইমরুল তাঁকে দেশের সেরা ব্যাটারদের একজন হিসেবে অভিহিত করেন।
তৃতীয় দিন শেষে অজিরা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান সংগ্রহ করলেও তারা এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রয়েছে। ইমরুল কায়েসের বিশ্বাস, বাকি ৬ উইকেট দ্রুত তুলে নিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে আনবে টাইগাররা।
সময়ের আলো/টিকে