অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।
মাশরাফি লেখেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর! কার কথা বলব— হাসান, তামিম, মিরাজ, শান্ত— অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।’
অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলকে তাদের নিজেদের মাটিতে হারানোকে নিজের দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে উল্লেখ করেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।’
পোস্টের শেষে বাংলাদেশকে ভালোবাসার কথা জানিয়ে মাশরাফি লেখেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 🇧🇩।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৯ উইকেটের এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।
সময়ের আলো/কেএইচ