আগামী ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশ। আজারবাইজানে আয়োজিত এই বৈশ্বিক ফুটবল উৎসবে বাফুফের অনূর্ধ্ব-১৫ দলের অংশগ্রহণের বিষয়টি ‘অ-১৫ ফুটবল কমিটির সভা’ শেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ফিফার আওতাধীন ১৯৪টি দেশ নিয়ে আয়োজিত এই বিশেষ এইট-এ-সাইড টুর্নামেন্টে ১৪ জনের স্কোয়াড নিয়ে অংশ নেবে প্রতিটি দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলার বিষয়ে প্রবাসী ফুটবলারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জাতীয় দলের তারকা ফুটবলার জায়ান আহমেদের ১৪ বছর বয়সী ছোট ভাই ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশ দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অনূর্ধ্ব-১৫ ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম।
কমিটির চেয়ারম্যান জানান, জায়ানের ভাই ছাড়াও আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে আরও কয়েকজন প্রবাসী উদীয়মান ফুটবলার অনূর্ধ্ব-১৫ দলে খেলার জন্য দেশে আসতে আগ্রহী। সবার জন্য সমান সুযোগ ও ট্রায়ালের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে বাফুফে।
গত বছর আয়োজিত দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে চিহ্নিত ২৫ জন খেলোয়াড় এবং নতুন ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হবে। তবে বাংলাদেশ দলের কোচের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি; শীঘ্রই তা চূড়ান্ত করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সময়ের আলো/টিকে