রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কবার্তা জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সকাল নয়টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নৌযানগুলোকে সতর্ক অবস্থায় চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সময়ের আলো/জেডি