নদী ভাঙনে হুমকির মুখে ঝালকাঠির ২টি বিদ্যালয়

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির বিষখালি নদীর তীব্র ভাঙনে নলছিটি উপজেলার ২টি বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেকোনও সময় বিদ্যালয় দুটি নদীতে বিলীন হয়ে

2026-08-19T15:37:16+00:00
2026-08-19T15:38:56+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
নদী ভাঙনে হুমকির মুখে ঝালকাঠির ২টি বিদ্যালয়
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৩:৩৮ পিএম
নদী ভাঙনে হুমকির মুখে বিদ্যালয়। ছবি : সময়ের আলো
ঝালকাঠির বিষখালি নদীর তীব্র ভাঙনে নলছিটি উপজেলার ২টি বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেকোনও সময় বিদ্যালয় দুটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।

শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয়ের মাঠের একাংশসহ বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি- ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত ভাবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব নদী থেকে খুব বেশি নয়। জোয়ারের সময় পানিতে মাঠ তলিয়ে ঢেউ আছড়ে পড়ে বিদ্যালয়ের ভবনে। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই দুই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ রঞ্জন সমদ্দার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী আছে। নদী ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয় ভবনের কাছে এসে পৌঁছেছে। ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে খুবই আতঙ্কে থাকি, কখন কোন অঘটন ঘটে যায়। বেড়িবাঁধ না থাকায় বাচ্চারা নদীতে ছুটে যায়, আবার জোয়ারের সময় মাঠে পানি থইথই করে। এর চেয়েও বড় আতঙ্ক হলো, যে হারে ভাঙছে তাতে যেকোনও সময় বিদ্যালয় ভবন নদীতে বিলীন হতে পারে। তাহলে এই শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটবে। কর্তৃপক্ষ যেন বিষয়টা গুরুত্বসহকারে দেখে যথাযথ পদক্ষেপ নেয়।’ 


ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নি আক্তার ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে একসময় ৩০০ শিক্ষার্থী ছিল। কিন্তু নদী ভাঙনে শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট হওয়ায়, অভিভাবকরা তাদের অন্যত্র ভর্তি করাচ্ছেন। আমাদের এখানে এখনো সব শ্রেণি মিলিয়ে ২ শতাধিক শিক্ষার্থী আছে।’

তিনি আরও বলেন, ‘বিষখালির প্রবল ভাঙন আমাদের বিদ্যালয়ের খুব কাছে চলে এসেছে। একটি বেড়িবাঁধ ছিল, সেটাও কয়েকদিন আগে বিদ্যালয় মাঠের একাংশসহ নদীতে চলে গেছে। এখন যেটুকু মাঠ অবশিষ্ট আছে, জরুরি ব্যবস্থা না নিলে মাঠ ও বিদ্যালয় ভবন নদীর গর্ভে যেতে সময় লাগবে না।’

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক শাহিন হাওলাদারসহ কয়েকজন জানান, বিষখালির ভাঙনে এই এলাকার বহু বাসিন্দা ভূমিহীন হয়েছেন। এই বর্ষায় ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কারও না কারও বাড়িঘর, কৃষি জমি নদী গ্রাস করছে। আমাদের সন্তান এখানের বিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু বিদ্যালয় দুটি এখন ভাঙনের ঝুঁকিতে আছে। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু বলেন, ‘ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা আমাদের ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মহোদয় পরিদর্শন করেছেন। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙন রোধে যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   নদী  ভাঙন  হুমকি  ঝালকাঠি  বিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: