ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনাবলি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে গত ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় শর্তাবলি সংশোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ইতোমধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা প্রথম বর্ষের অকৃতকার্য (‘এফ’ গ্রেড পাওয়া) বা অনুপস্থিত পত্রগুলোতে বিশেষ পরীক্ষার মাধ্যমে মানোন্নয়নের সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থীর ছয় শিক্ষাবর্ষের নির্ধারিত রেজিস্ট্রেশনের মেয়াদ ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে— অর্থাৎ বিশেষ করে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও নির্ধারিত প্রক্রিয়ায় এই বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ফরম পূরণের নিয়মিত ফির পাশাপাশি অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা জমা দিতে হবে। এই নির্দিষ্ট জরিমানা পরিশোধ ও সংশ্লিষ্ট অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষেই কেবল তারা বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন।
সময়ের আলো/জেডি