জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বিএনপির নিজস্ব ভোট ছিল ২৪৪টি। এর মধ্যে ২০৮ জন নির্বাচিত সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সদস্য রয়েছেন। ফলে দলের ভোটের বাইরে মির্জা ফখরুল পেয়েছেন আরও ১১টি ভোট।
এই অতিরিক্ত ভোটের মধ্যে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্যের ভোট রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং বিকেল ৫টা ১৮ মিনিটে ফল ঘোষণা করা হয়।
প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল নিজে ভোট দিতে পারলেও সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারেননি। এ নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা মির্জা আব্বাসও রয়েছেন।
আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/এমকে