প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হচ্ছে। তবে নতুন দায়িত্ব হিসেবে তাকে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হবে, তা এখনো জানা যায়নি।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ নেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হতে পারে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
গত ফেব্রুয়ারিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পান। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন তিনি। তার জয়ের মধ্য দিয়ে ১৮ বছর পর আসনটি বিএনপির দখলে ফিরে আসে।
সময়ের আলো/এমকে