রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান তিনি।
এ সময় বঙ্গভবন পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায়।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।
শপথের পর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সময়ের আলো/জেডি